লাইভ অনুষ্ঠানে এসে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলেছেন। তার মতে, এ ঘটনা শুধু একটি সংবাদপত্রের প্রতি অবমাননা নয়, বরং বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ তৈরি করে।
তিনি আরও বলেন, একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলার ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য নেতিবাচক বার্তা হিসেবে দেখছেন তারা। এ ধরনের আচরণে সংবাদমাধ্যমের সাথে সংশ্লিষ্ট সাংবাদিক ও কর্মীদের মধ্যে ভবিষ্যতে সরকারি হস্তক্ষেপে পত্রিকা বন্ধের আশঙ্কা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে জামায়াতে ইসলামীকে নিয়ে ওই রাজনৈতিক সহকারীর বক্তব্যেরও সমালোচনা করেন গোলাম পরওয়ার। তার ভাষায়, দলটিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি এমন আচরণ অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে তার এমন কর্মকাণ্ডের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত বা নির্দেশনা রয়েছে কি না, তা জনগণ জানতে চায়।


