...|...|...

বিশ্ব

নেতানিয়াহুর সাথে চেহারার মিল, দোকানিকে বয়কটের ডাক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, রাত ১১:০৪
Shares
নেতানিয়াহুর সাথে চেহারার মিল, দোকানিকে বয়কটের ডাক

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে চেহারার মিল থাকায় আলোচনায় এসেছেন এক দোকানি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। তবে বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। এমনকি নেতানিয়াহুর মতো দেখতে হওয়ার কারণে ওই দোকানিকে বয়কটের আহ্বান জানিয়েছেন কয়েকজন নেটিজেন।

আজারনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ওই ব্যক্তি শুকনো ফল, বাদাম ও মিষ্টিজাতীয় পণ্যের ব্যবসা করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে নিজের দোকানে ওজন মাপার যন্ত্রের পেছনে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর অনেকেই তার মুখের গড়ন, চুলের রেখা ও শারীরিক অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর সাদৃশ্য খুঁজে পান।

এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কেউ ওই দোকানের অবস্থান জানতে চান, আবার কেউ তার চেহারার মিল নিয়ে নতুন নতুন ভিডিও ও ছবি প্রকাশ করেন।

তবে এই মিল ঘিরে তৈরি হওয়া আলোচনা একপর্যায়ে বিতর্কের রূপ নেয়। প্রতিবেদনে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, নেতানিয়াহুর মতো দেখতে হওয়ার কারণে ওই দোকানিকে বয়কটের আহ্বান জানিয়েছেন কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। এতে তার ব্যবসায়ও বিরূপ প্রভাব পড়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে দোকানির অসন্তোষের কথাও প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে ভিডিওটির মূল উৎস, ধারণের সময় কিংবা ওই দোকানির পরিচয় সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিছক চেহারার সাদৃশ্য ঘিরে এমন প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।