নেইমারের চোটের ধাক্কা সামাল দিতে তার শৈশবের বন্ধু ও ব্রাজিলের অভিজ্ঞ তারকা ফিলিপে কৌতিনহোকে দলে ভিড়িয়েছে সান্তোস। ফ্রি এজেন্ট হিসেবে লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই প্লে-মেকারকে দলে নিয়েছে ব্রাজিলের ক্লাবটি। ফলে নেইমার মাঠে ফেরার আগেই সান্তোসের জার্সিতে দেখা যেতে পারে কৌতিনহোকে।
দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, কৌতিনহোর সাথে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তিতে সম্মত হয়েছে সান্তোস। নেইমার গুরুতর চোটে মাঠের বাইরে থাকায় দলের আক্রমণভাগ শক্তিশালী করতেই এই উদ্যোগ নিয়েছে ক্লাবটি।
২০১৮ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর কৌতিনহোর ক্যারিয়ারে ধীরে ধীরে ছন্দপতন ঘটে। অথচ তার আগে লিভারপুলের হয়ে দুর্দান্ত ধারাবাহিকতায় খেলেছিলেন এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। পরবর্তী সময়ে জাতীয় দলেও জায়গা হারান তিনি।
কৌতিনহোর শৈশব কেটেছে ব্রাজিলের ভাস্কো দা গামায়। অন্যদিকে তার বন্ধু নেইমার খেলেছেন ভাস্কোর চিরপ্রতিদ্বন্দ্বী সান্তোসে। এবার সেই সান্তোসেই দুজনকে একই জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
৩৪ বছর বয়সী কৌতিনহোকে ঘিরে সান্তোস নিজেদের কঠিন সময় কাটিয়ে ওঠার আশা করছে। চলতি ব্রাজিলেইরাও মৌসুমে ২৫ ম্যাচে ৮ জয় ও ৮ ড্র নিয়ে ১৩তম অবস্থানে রয়েছে দলটি।
গত মৌসুমে নেইমার চোট নিয়েও সান্তোসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং দলটিকে অবনমন থেকে রক্ষা করতে সাহায্য করেন। ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যেই সান্তোসে ফিরেছিলেন পিএসজি ও বার্সেলোনার সাবেক এই তারকা।
তবে সম্প্রতি ডান উরুর পেশিতে চোট পাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। তার অনুপস্থিতিতে দলের শক্তি ধরে রাখতে দ্রুত কৌতিনিয়োকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সান্তোস।


