নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রেখে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গ্রেফতার পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এই কর্মকর্তা চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত রোববার (১৫ নভেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরকারি চাকরি আইন অনুযায়ী গ্রেফতারের দিন অর্থাৎ ১৪ নভেম্বর থেকে তাকে সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


