...|...|...

নারী ও শিশু

নারীর জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি, কোথায় বাংলাদেশ?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৬
Shares
নারীর জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি, কোথায় বাংলাদেশ?

ছবি: এআই জেনারেটেড

নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিতে বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে গেলেও এখনও অনেক দেশে নারীদের প্রতিনিয়ত সহিংসতা, বৈষম্য ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হচ্ছে। তবে নারীর জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরিতে সবচেয়ে এগিয়ে রয়েছে ইউরোপের দেশগুলো।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি এবং পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো প্রকাশিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি ইনডেক্স ২০২৫-২৬’ অনুযায়ী, নারীর সামগ্রিক নিরাপত্তা, অধিকার ও জীবনমানের দিক থেকে বিশ্বের শীর্ষে রয়েছে ডেনমার্ক।

বিশ্বের ১৮১টি দেশ ও অঞ্চলের নারীদের পরিস্থিতি বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে এই সূচক। এতে নারীর শিক্ষা, কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি, রাজনৈতিক অংশগ্রহণ, আইনি অধিকার, পারিবারিক সহিংসতা ও সামাজিক নিরাপত্তাসহ ১৩টি সূচক বিবেচনা করা হয়েছে।

সূচকে ১-এর মধ্যে ০.৯৩৯ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক। দ্বিতীয় অবস্থানে থাকা আইসল্যান্ডের স্কোর ০.৯৩২। যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে নরওয়ে ও সুইডেন। উভয় দেশের স্কোর ০.৯২৪। পঞ্চম স্থানে রয়েছে ফিনল্যান্ড।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও নিউজিল্যান্ড। অর্থাৎ, নারীর সামগ্রিক নিরাপত্তা ও জীবনমানের সূচকে শীর্ষ দশ দেশের মধ্যে নয়টিই ইউরোপের।

অন্যদিকে, তালিকার একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান। দেশটির স্কোর মাত্র ০.২৭৯। নারীদের জন্য প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে ইয়েমেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সিরিয়া ও সুদানেও।

এই সূচকে বাংলাদেশের অবস্থান ১৮১টি দেশের মধ্যে ১৫৫তম। বাংলাদেশের স্কোর ০.৫২৬। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৭৭তম, মালদ্বীপ ৭৮তম, ভুটান ৯৯তম, নেপাল ১২০তম, ভারত ১৩১তম এবং পাকিস্তান রয়েছে ১৬৯তম অবস্থানে।

২০২৫ সালের ৬ নভেম্বর প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে নারীর অধিকার ও জীবনমানের উন্নতির গতি অনেকটাই থমকে গেছে। যুদ্ধ, সংঘাত ও ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা নারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

আজ ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস। দিবসটি স্মরণ করিয়ে দেয়, একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করাও জরুরি।