...|...|...

ঢাকা

দেশসেরা নারী প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বেবি রেহেনা বিলকিস

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, বিকেল ৫:৩৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫২
Shares
দেশসেরা নারী প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বেবি রেহেনা বিলকিস

ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবি রেহেনা বিলকিস। ছবি: সংগৃহীত

শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৬’ -এ দেশের শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবি রেহেনা বিলকিস।

শনিবার (১১ জুলাই) এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে তিনি এই গৌরব অর্জন করেছেন। এর আগে তিনি কর্মজীবনে রেকর্ড ১২ বার সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, আটবার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং চারবার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

আগামী ১৫ জুলাই রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা পদক তুলে দেবেন।

দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বেবি রেহানা বিলকিস বলেন, সম্মানজনক এই অর্জনের জন্য আমি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অবদানের কৃতিত্ব সোনারগাঁবাসীর। সবার অনুপ্রেরণা, ভালোবাসা ও সমর্থন আমাকে আজ এই মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। আগামীতেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আমার এই প্রচেষ্টা ও কাজ নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।