...|...|...

চট্টগ্রাম

দীর্ঘ ৩৫ বছর ইমামতি শেষে ইমামকে রাজকীয় বিদায়

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৭
Shares
দীর্ঘ ৩৫ বছর ইমামতি শেষে ইমামকে রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৫ বছরের ইমামতি শেষ ইমামকে রাজকীয় বিদায়। ছবি: টাইমস টুডে

দীর্ঘ ৩৫ বছর ধরে একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করার পর বিদায় নিলেন হাফেজ মো. জাহাঙ্গীর হুজুর। ‎দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্মৃতিকে ধারণ করে আবেগঘন পরিবেশে তাকে বিদায় ও সংবর্ধনা জানিয়েছেন স্থানীয় মুসল্লি, মসজিদ কমিটি এবং এলাকাবাসী।

‎ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর আফজাল এলাকায়।

‎চৌধুরী বাজার সংলগ্ন হাজী মতিউর রহমান বকশি জামে মসজিদে দীর্ঘ ৩৫ বছর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন হাফেজ মো. জাহাঙ্গীর হুজুর।

দীর্ঘ এই সময়ে তিনি শুধু মসজিদের ইমাম হিসেবেই দায়িত্ব পালন করেননি, বরং স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সাথে গড়ে তুলেছেন আত্মিক সম্পর্ক। ‎দীর্ঘ ৩৫ বছরের এই কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের।

‎অনুষ্ঠানকে ঘিরে মসজিদ প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘদিনের পরিচিত ইমামকে বিদায় জানাতে উপস্থিত হন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।

‎প্রিয় ইমামের দীর্ঘদিনের দ্বীনি খেদমতের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে সমাজের পক্ষ থেকে তাকে দেওয়া হয় ১ লাখ ৬৮ হাজার টাকা নগদ অর্থ এবং ১১ মণ চাউল।

‎এ সময় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে অনেকেই তার দীর্ঘদিনের ইমামতি জীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন।

এলাকাবাসী জানান, দীর্ঘ সময় ধরে একজন ইমামের কাছ থেকে নামাজ, কোরআন-হাদিস ও দ্বীনি বিষয়ে দিকনির্দেশনা পেয়েছেন তারা। তার বিদায়ে একদিকে যেমন কর্মজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে, অন্যদিকে তৈরি হয়েছে নতুন স্মৃতির অধ্যায়।

‎বিদায় অনুষ্ঠানে হাফেজ মো. জাহাঙ্গীর হুজুরের দীর্ঘ ৩৫ বছরের দ্বীনি খেদমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তার আগামী দিনের জীবন যেন শান্তি, সুস্থতা ও কল্যাণে ভরে ওঠে- সে জন্য দোয়া করা হয়।

‎৩৫ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে বিদায় নিলেন হাফেজ মো. জাহাঙ্গীর হুজুর। তবে তার দীর্ঘদিনের দ্বীনি খেদমত ও মানুষের সাথে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ক এলাকাবাসীর হৃদয়ে থেকে যাবে দীর্ঘদিন।