...|...|...

অপরাধ

তাহসিফের সাথে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৮ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৮
Shares
তাহসিফের সাথে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার জেরিকা তাসনীম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। ১৯ বছর বয়সী দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা রিমান্ড আবেদনে বলা হয়, গত রবিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কাফরুল থানাধীন নিজ বাসা থেকে দিশাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সাথে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন তিনি।

এ ছাড়া ঘটনার আগে তাদের একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ নামের একটি খাবারের দোকানে যাওয়ার তথ্য পাওয়া গেছে। মামলার অপর রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সাথেও একটি মোটরসাইকেল গ্যারেজে দিশাকে একসাথে দেখা গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

তদন্তসংশ্লিষ্টদের দাবি, তাহসিফের সাথে দিশার বিভিন্ন স্থানে যাতায়াত এবং ঘটনার আগে তাদের মধ্যে একাধিকবার ফোনালাপের তথ্য পাওয়া গেছে। নিহতের মোবাইল ফোনের কললিস্ট (সিডিআর) পর্যালোচনা করেও এসব তথ্যের সত্যতা মিলেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার, ঘটনার স্থান নির্ধারণ এবং প্রয়োজনীয় আলামত উদ্ধারে দিশাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি অপর আসামি দীপের দেওয়া তথ্যের সাথে দিশার বক্তব্য যাচাই করার কথাও উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগের চেষ্টা করেন। রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাহসিফের মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে তার মায়ের ফোনে একটি ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি’। তবে এরপরও তিনি বাসায় ফেরেননি।

পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তুরাগ নদের উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।