...|...|...

রাজধানী

ঢাকা উদ্যানে লেগুনা চাপায় প্রাণ গেল ৫ম শ্রেণির শিক্ষার্থীর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৩৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪০
Shares
ঢাকা উদ্যানে লেগুনা চাপায় প্রাণ গেল ৫ম শ্রেণির শিক্ষার্থীর

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় সাগর নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী লেগুনা চাপায় নিহত হয়েছে। এ ঘটনায় লেগুনা চালক রিফাতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা উদ্যান তিন নাম্বার রোডের সি ব্লকের শেষ মাথায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা শেষে রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগর ঢাকা উদ্যান এক নম্বর রোডের সি ব্লকের ৮৯ নাম্বার বাসায় থাকতো। তার বাবার নাম মো. ফিরোজ। মোহাম্মদপুরের তুরাগ ন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি, সে অটোরিকশাও চালাত।

নিহত সাগরের বাড়িওয়ালা রবিউল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান তিন নাম্বার রোডের সি ব্লকে লেগুনা ব্যাক দিয়ে ঘোরানোর সময় সাগরকে চাপা দেয়। এতে সাগর গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ওই লেগুনা চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও জানান, অনেক আগেই নিহত সাগরের বাবা ফিরোজ তাদের ফেলে রেখে চলে যায়। সাগর তুরাগ ন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি, সে অটোরিকশাও চালাত। তারা আমাদের বাসায় দশ বছর যাবৎ ভাড়া থাকে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।