দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে- ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সাথে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরম থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।


