দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৪ জনে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন।
এদিকে গত একদিনে সবচেয়ে বেশি ৪১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, রংপুর বিভাগে ৫৮ জন এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেলাসহ) মারা গেছেন ২৬৫ জন।
একই সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে নয়জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।


