রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯৯৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিনভর ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে।
অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে (৮৫৫টি)। এ ছাড়া ওয়ারী বিভাগে ৫০৫টি, মতিঝিলে ৪৬২টি, উত্তরা বিভাগে ৪০৬টি, মিরপুরে ৩১৮টি, তেজগাঁওয়ে ১৯৯টি, লালবাগে ১৪৬টি এবং রমনা বিভাগে ১০৮টি মামলা করা হয়।
অভিযানকালে ট্রাফিক আইন অমান্য করায় মোটরসাইকেল, বাস, সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিপুলসংখ্যক যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে ৬৩৯টি গাড়ি ডাম্পিং এবং ২৮৬টি গাড়ি রেকার করা হয়।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিয়ন্ত্রণ ও আইন লঙ্ঘন রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।


