তীব্র গরমে সবাই যখন অস্থির, তখন কেউ কারও দিকে তাকানোর সময় পায় না। প্রত্যেকেই যেন নিজেকে এক মহাসংকটের মুখোমুখি দাঁড়িয়ে থাকা একাকী কোনো সত্তা মনে করে—যেখানে স্বার্থপরতা আর টিকে থাকার লড়াইটাই মুখ্য। মানুষ যখন মানুষের এই চরম কষ্ট ও অসহায়ত্ব দেখেও না দেখার ভান করে চলে যায়, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি দৃশ্য সবার চোখ ভিজিয়ে দিয়েছে।
অসহায় মানুষের ভিড়ে এক অবুঝ পশুর কষ্ট দেখে নিজেকে সামলাতে পারলেন না এক দূরপাল্লার বাস চালক। কোরবানি উপলক্ষে ট্রাকে করে নিয়ে যাওয়া এক গরুকে তীব্র গরমে ছটফট করতে দেখে নিজের বাসের জানালা দিয়ে নিজের খাওয়ার পানির বোতল বাড়িয়ে দিলেন তিনি। পরম মমতায় তৃষ্ণার্ত ওই অবুঝ পশুকে নিজের বোতল থেকে পানি খাওয়ালেন সেই চালক।
যেখানে মানুষ মানুষের দুঃখ বুঝতেই আজ হিমশিম খাচ্ছে, সেখানে একজন অবুঝ পশুর ভেতরের কষ্ট ও তীব্র তৃষ্ণা অনুভব করা সত্যিই এক বিরল মানবিকতার লক্ষণ। সম্প্রতি সামাজিক মাধ্যমে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি এই দৃশ্য ধারন করে ফেসবুকে পোস্ট করেন। তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
যারা সম্প্রমি ঈদের ছুঁটিতে বাড়ি যাচ্ছেন তারা জানবেন এই তিব্র গরমে জ্যামে বসে থাকার সময়টা কতটা অস্বস্তির। এই রাস্তায় কেউ কাউকে সাহায্য করে না‚ সবাই নিজেকে হাশরের ময়দানে কল্পনা করে। অথচ যেখানে মানুষ মানুষকে সহযোগিতা করতে চায় না‚ সেখানে একজন অবুঝ পশুর দুঃখ কে আর বুঝতে চায়।
এই ড্রাইভার ভাইয়ের পরিচয় যদিও জানা নেই‚ তবে নিঃসন্দেহে তিনি একজন ভালো মনের মানুষ। এই কম শিক্ষিত‚ খেটে খাওয়া “ভালো মন আছে” মানুষদেরই জন্যই যুগ যুগ ধরে আমাদের এই বিশাল সভ্যতা টিকে রয়েছে।

