চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৮ দিনেই দেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ, যা বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৬ থেকে ১৮ জুলাই—এই তিন দিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয়। এর আগে মাসের প্রথম পাঁচ দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। মাসজুড়ে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় ১৮ দিনের মাথায় মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১৭৯ কোটি ৮০ লাখ ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্সে ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনা কার্যক্রমের ইতিবাচক প্রভাবেই এই প্রবৃদ্ধি এসেছে। তাদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


