...|...|...

খেলা

জার্মানির কাছে ৩৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের যুবারা, পাঁচ ম্যাচে গোল হজম ১৪৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪৬
Shares
জার্মানির কাছে ৩৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের যুবারা, পাঁচ ম্যাচে গোল হজম ১৪৬

ছবি: সংগৃহীত

চীনে চলমান আইএসএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে চরম হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে একবারও গোল করতে পারেনি দলটি। বিপরীতে নিজেদের জালে বল ঢুকতে দেখেছে ১৪৬ বার। ধারাবাহিক বড় ব্যবধানের পরাজয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ শেষ হয়েছে হতাশার পরিসংখ্যান নিয়ে।

১৯ অক্টোবর চীনের সুচৌ তাইহু এফসি স্টেডিয়ামের ৭ নম্বর মাঠে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর জার্মানি, মরক্কো, আলজেরিয়া ও হাইতির বিপক্ষে মাঠে নেমেও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। পাঁচ প্রতিপক্ষের কাছে যথাক্রমে ২৭, ৩৫, ৩৩, ৪০ ও ১১ গোল হজম করেছে বাংলাদেশের যুবারা।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারের মুখে পড়ে বাংলাদেশ। ১৯ অক্টোবর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২৭-০ গোলে পরাজিত হয় দলটি। শুরুতেই এমন ধাক্কা খেলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ছিল। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

২০ অক্টোবর জার্মানির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগের চেয়েও বড় ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। জার্মানির কাছে ৩৫-০ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখে লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর ২১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হয় বাংলাদেশ। সুচৌ এক্সপেরিমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে পারেনি দলটি। মরক্কোর কাছে ৩৩-০ গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করে বাংলাদেশের যুবারা।

টানা তিন হারে কোনো পয়েন্ট না পাওয়ায় ‘সি’ গ্রুপের শেষ অবস্থানে থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল শেষ ষোলোতে জায়গা করে নেয়।

গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর স্থান নির্ধারণী ম্যাচেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। বরং আলজেরিয়ার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের শিকার হয় দলটি। ম্যাচটিতে ৪০-০ গোলে হারে বাংলাদেশের যুবারা।

সবশেষ ম্যাচে হাইতির বিপক্ষেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ওই খেলায় ১১-০ গোলে হেরে পাঁচ ম্যাচে টানা পরাজয়ের বৃত্তেই থেকে যায় দলটি।

সব মিলিয়ে পাঁচ ম্যাচে ১৪৬ গোল হজম করলেও প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি বাংলাদেশের তরুণ ফুটবলাররা। এমন একতরফা ফলাফল অনূর্ধ্ব-১৮ পর্যায়ে দলের প্রস্তুতি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়াই করার সক্ষমতা এবং বড় আসরে অংশ নেওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতির মান নিয়ে প্রশ্ন তুলেছে।