...|...|...

রাজনীতি

জামায়াত রাজনীতি করলে আ.লীগ কেন পারবে না, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, রাত ২:১৯
Shares
জামায়াত রাজনীতি করলে আ.লীগ কেন পারবে না, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

একাত্তরে গণহত্যা-লুটপাট ও গণধর্ষণ করেও জামায়াত ইসলামী রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না এমন প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
 
তিনি বলেছেন, এখন যারা ‘ইনকিলাব মঞ্চে’ আছে, এগুলো শিবিরের প্রক্সি, সবগুলো শিবির। সবগুলো ভেরিফিকেশন করলে এগুলো চৌদ্দ গোষ্ঠীসহ জামায়াত-শিবির।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল তিনটার দিকে বাংলা একাডেমিতে ছাত্র অধিকার পরিষদ কর্তৃক প্রকাশিত ‘মুক্তি’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, নেপালের আন্দোলনে কমিটেড ছেলে-মেয়েরা ছিল। আর এখানে হয়েছে ছাগল চোর, ল্যাপটপ চোর। তারপরে শোনেন, ছাত্রলীগের ধান্দাবাজ, রাজনৈতিক টাউট, চরিত্রহীন লম্পট, মানুষের টাকা মেরে দেওয়া এই সমস্ত চোর-ছ্যাঁচড়া, বাটপাড় ও টাউটগুলো ক্ষমতার মধুর জন্য সব জড়ো হয়েছে এনসিপিতে।
 
তিনি বলেন, আমি বলছি, আজকে লিখে নেন এই এনসিপির পরিণতি হবে ফ্রিডম পার্টির মতো। একসময় ৭৫-এর হিরোরা পরবর্তীতে ভিলেন হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে। আমি চাই না ওরা ঝুলুক। কিন্তু ওরা যেই কাজ করেছে, দেশে থাকলে কারাগারে যেতে হবে। না হলে দেশ থেকে যদি পালায়, সেই পরিস্থিতি তাদেরও পড়তে হতে পারে। আমি ভবিষ্যদ্বাণী করে যাচ্ছি। আমার কথা না, আইডিয়া থেকে। অতীতে ভবিষ্যদ্বাণী করেছি, মিলেছে তো দেখেছেন।
 
জামায়াতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আমি বললাম, জামায়াতের যেই আস্ফালন, এই আস্ফালনের কারণে আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে পুনর্বাসন করা হবে। কারণ আওয়ামী লীগকে কী দিয়ে ঠেকাবেন আপনি? 

তিনি আরও বলেন, জামায়াত যদি একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও লুটপাট করে মানবতাবিরোধী অপরাধের চরম অপকর্ম করেও বাংলাদেশের বিরোধী দল হতে পারে, রাজনীতি করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? এটা আমার কথা না। আপনারা দেখেন, ওই যুক্তি-তর্কে প্লাস-মাইনাস হিসাব করলে কিন্তু চলে আসে।
 
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, এখন যারা ‘ইনকিলাব মঞ্চে’ আছে, এগুলো শিবিরের প্রক্সি, সবগুলো শিবির। সবগুলো ভেরিফিকেশন করলে এগুলো চৌদ্দ গোষ্ঠীসহ জামায়াত-শিবির। আর এই জুলাইয়ের নামে বিভিন্ন দোকান খোলা—দোকান বুঝছেন? সাইনবোর্ড খোলা। ৮০ শতাংশই জামায়াত-শিবির।