...|...|...

সারাদেশ

জামায়াত ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে: এমপি খোকন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:১৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৯
Shares
জামায়াত ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ছবি: টাইমস টুডে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাদারীপুর সদর উপজেলার এ.সি. নর্থ কলাগাছিয়া উচ্চবিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংসদ সদস্য।

খোকন তালুকদার বলেন, ‘ক্ষমতায় আসার সুযোগ জামায়াত ২০২৬ সালের নির্বাচনেই হারিয়ে ফেলেছে। এখন তারা ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে চায়, সে জন্য যেকোনো উপায়ে তাদের ক্ষমতা দরকার।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ কোটি মানুষকে কীভাবে ভালো রাখা যায়, সেই চেষ্টা করছেন। আমি মনে করি, আমাদের ক্ষমতায় থাকা বড় কথা নয়, বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখা জরুরি। জামায়াত কী করল, সেদিকে গুরুত্ব না দিয়ে মানুষ কীভাবে ভালো থাকবে, সেটিই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজ ও বাবু অজয় কৃষ্ণ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।