জামায়াতে ইসলামী বর্তমানে ত্রাস ও সন্ত্রাসের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা মিলনের পরিবারের জন্য নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করছে। অথচ তারাই এলাকায় নরক বা দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইসলামের মূল উদ্দেশ্য মানবতার সেবা হলেও তাদের রাজনীতিতে সেই লক্ষ্য নেই; বরং তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের পেছনে ছুটছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী বারবার মানুষের সাথে মোনাফেকি করছে। বর্তমানে তারা ত্রাস ও সন্ত্রাসের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি পরিবারের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য নতুন ঘরটি উপহার দেওয়া হয়েছে। বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে।
অনুষ্ঠানে মাসকরা গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত মিলনের পরিবারের পাঁচ সদস্যের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়। একইসাথে পরিবারটিকে একটি ছাগলও উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হিরা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হুদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


