...|...|...

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪২
Shares
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পুরোনো ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের উপস্থিতিকে সফল বলে মূল্যায়ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে নতুন সরকারের প্রতিশ্রুতি ও লক্ষ্য আন্তর্জাতিক মহলের সামনে স্পষ্টভাবে উঠে এসেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এই সফর সরকারের অবস্থান তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পথও প্রশস্ত করেছে।

বিভিন্ন আলোচনা ও বৈঠকে অংশ নেওয়া বিশ্বনেতা ও প্রতিনিধিরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার প্রতি আন্তরিক সমর্থন জানিয়েছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে দেশের আত্মবিশ্বাস ও মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

হুমায়ুন কবির জানান, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে যুক্ত ছিলেন।

এর মধ্যে সাধারণ পরিষদে ঐতিহাসিক ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি ৭টি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখেন।

এ ছাড়া ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

একইভাবে ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রী এবং কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হয়।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি দেখা করেন জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গেও।

এ ছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, গেটস ফাউন্ডেশন ও বোয়িং গ্লোবালের প্রধান নির্বাহী এবং ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়।