...|...|...

বিশ্ব

জাতিসংঘে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৫১
Shares
জাতিসংঘে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ বন্ধ, বাধাগ্রস্ত বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যেকোনো চেষ্টা ‘যুদ্ধ’ হিসেবে বিবেচনা করা হবে বলে ভারতকে চরম হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

ভাষণে শেহবাজ বলেন, ‘পানিকে কখনোই অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না। নদীর কাজ জাতিকে সমৃদ্ধ করা, বিভক্ত করা নয়। সুতরাং, পাকিস্তানের প্রাপ্য পানি বন্ধ বা বাধা দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হবে। এ বিষয়ে ভারতের কোনো ভুল ধারণা থাকা উচিত নয়।’

গত বছর অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে সই হওয়া ঐতিহাসিক ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করার ঘোষণা দেয় ভারত। নয়াদিল্লি ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও তা অস্বীকার করে পাকিস্তান। এরপর থেকেই সিন্ধু নদের পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে দেখা দেয়।

জাতিসংঘে ভারতের এই সিদ্ধান্তকে একতরফা উল্লেখ করে শেহবাজ শরিফ বলেন, হেগের স্থায়ী সালিশি আদালত (পিসিএ) স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত নদীর পানি আটকে রাখতে পারবে না। তবে এই রায়কে শুরুতেই প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের দাবি, তাদের সার্বভৌম সিদ্ধান্তের ওপর এই আদালতের কোনো এখতিয়ার নেই। অন্যদিকে, সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে মোদি সরকার।