ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সাথে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছেলেকে নিয়ে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন তিনি।
ছেলেকে রাজনীতিতে আনবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এটি তার ছেলের ভাগ্যের বিষয়। তিনি নিজেও একসময় জানতেন না রাজনীতিতে আসবেন কি না। তার পরিবার রাজনৈতিক পরিবার উল্লেখ করে তিনি বলেন, পরিবারের কেউ না কেউ রাজনীতিতে আসবেই। তার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো মানুষ রয়েছেন।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, রাজনীতিতে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তার সাথে যারা প্রতিযোগিতায় ছিলেন, তাদের অনেকে ঝরে পড়েছেন। রাজনীতিতে প্রতিযোগিতা অনেক; অনেকে অংশ নিতে পারলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না।
এ সময় মির্জা আব্বাসের ছেলে মির্জা আরাফাত আব্বাস আজান বলেন, পড়াশোনাসহ বিভিন্ন কারণে তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। তবে এখন বাবার পাশে থাকাটা নিজের জন্য জরুরি বলে মনে করছেন তিনি।
আজান বলেন, সবকিছুতেই তার বাবা আদর্শ। তিনি বাবার পাশে ছায়ার মতো থাকতে চান।
বাবার রাজনৈতিক দায়িত্বের হাল ধরবেন কি না- এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আজান বলেন, তার বাবা তার আদর্শ, এটাই তার শেষ কথা।


