...|...|...

খেলা

চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৩
Shares
চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস

ছবি: সংগৃহীত

ইয়ান দিয়োমান্দের একমাত্র গোলে ভিয়ারিয়ালকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতের (১০ অক্টোবর) এই জয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ছয় পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে দলটি। তবে ম্যাচে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শেষ দিকে ১০ জন নিয়ে খেলেও জয় নিশ্চিত করে হোসে মরিনিয়োর দল। এই জয়ে পয়েন্ট তালিকায় আপাতত তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল।

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে অস্ট্রেলিয়া ও ভারত সফরের পর ফর্মহীনতায় ভোগা ভিনিসিয়ুসকে শুরুতে বেঞ্চে রাখেন মরিনিও। অন্যদিকে, ফ্রান্সের হয়ে খেলার সময় হাঁটুতে চোট পাওয়া কিলিয়ান এমবাপ্পে ফিট হয়ে শুরুর একাদশে ফেরেন।

ম্যাচের শুরুতে এমবাপ্পেই ছিলেন রিয়ালের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়। আলভারো কারেরাসের পাস থেকে পাওয়া সুযোগে তার শট পোস্টে লেগে ফিরে আসে। পরে ভিয়ারিয়ালের গোলরক্ষক পিটার গুলাচির দুর্দান্ত সেভেও গোলবঞ্চিত হন ফরাসি তারকা।

প্রথমার্ধে আক্রমণে খুব বেশি ছন্দ খুঁজে পায়নি রিয়াল। দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট সমর্থকদের কাছ থেকে বিরতির সময় কিছুটা দুয়োও শুনতে হয় স্বাগতিকদের।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ফেদেরিকো ভালভার্দের দারুণ সহযোগিতায় বল পেয়ে নিচু শটে দূরের পোস্ট ঘেঁষে জালে পাঠান আইভরিকোস্টের উইঙ্গার দিয়োমান্দে। রিয়ালের হয়ে এটিই তার প্রথম গোল। ক্লাবটির রেকর্ড ১৪ কোটি ইউরোতে (প্রায় ১৫ কোটি ৭০ লাখ ডলার) দলে যোগ দেয়া এই তরুণের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

পরে জুড বেলিংহামের বাম দিক থেকে বাড়ানো বল পেয়ে জালে পাঠান বদলি হিসেবে নামা ভিনিসিয়ুস। তবে উদ্‌যাপনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ব্রাজিলিয়ান তারকার। ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে রেফারি ইসিদ্রো দিয়াস দে মেরা নিশ্চিত হন, গোলের আগে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনেছেন ভিনিসিয়ুস। এরপর তাকে লাল কার্ড দেখানো হয় এবং গোলটিও বাতিল করা হয়।

১০ জনের দলে পরিণত হওয়ার পর রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে রিয়াল। এ সময় ভিয়ারিয়ালের কার্লোস রোমেরোর প্রচেষ্টা দুর্দান্ত ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। শেষ দিকে এমবাপ্পে আরও একবার গোলের সুযোগ পেলেও গুলাচিকে পরাস্ত করতে পারেননি। তবে শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে রিয়াল।

শনিবারের অন্য ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। লা লিগায় মৌসুমের প্রথম আট ম্যাচের আটটিতেই জিতেছে কাতালান ক্লাবটি। ফলে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি রিয়ালের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধানও বজায় রেখেছে তারা। অন্যদিকে, আলাভেসকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেতিকো মাদ্রিদ শীর্ষস্থানীয় বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।