...|...|...

বিশ্ব

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সকাল ৬:১৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, সকাল ৬:২২
Shares
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নাগকু শহরের জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সিনহুয়া জানায়, আহতদের মধ্যে ২১ জন সামান্য আঘাত পেয়েছেন। ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় দ্বিতীয় স্তরের জরুরি দুর্যোগ মোকাবিলা কার্যক্রম চালু করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নাগকু শহরের প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং আঞ্চলিক রাজধানী লাসা থেকে প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে একটি পাহাড়ি এলাকায়।

সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, উৎপত্তিস্থলের কাছের একটি গ্রামে অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে কাছের কয়েকটি গ্রামের বাড়িঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

ভূমিকম্পের পর স্থানীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন। কেউ কেউ রাস্তায় পার্ক করা গাড়িতে আশ্রয় নিয়েছেন।

২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।