...|...|...

সারাদেশ

চট্টগ্রামে সার পাচারের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৫
Shares
চট্টগ্রামে সার পাচারের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেফতার

মহসিন সম্রাট (৫৭), আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ফারাবি হোসেন (২৬)। ছবি: টাইমস টুডে

চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার ওচমানপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে রবিবার (৮ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জব্দ করা হয়েছে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬)। মহসিন সম্রাট মৃত ফজলুল হকের ছেলে এবং ফারাবি ফরিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছিল একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। ওই সময় সার পাচারের সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তাদের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। এর ধারাবাহিকতায় জোরারগঞ্জ থানা পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়েও অভিযান চালায়।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, সার পাচারের সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালানো হচ্ছে। নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার চালানের বিষয়টি আটক ব্যক্তিদের জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতার প্রস্তাব দেন।

ওসি আরও জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ট্রাকভর্তি সার মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের প্রলোভন দেখানো হয়। এ কাজে শওকত আকবর সোহাগ ফারাবিসহ অন্যদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের তৎপরতায় পাচারের চেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনায় গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।