...|...|...

জাতীয়

গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুনসহ সাত জেলায় বিজিবি মোতায়েন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৬
Shares
গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুনসহ সাত জেলায় বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দেশের সাত জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন সদস্য যেকোনো প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল চালু রয়েছে। সেখান থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্যে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে কাজ করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।