...|...|...

আইন ও আদালত

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫০ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৬
Shares
গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

গুপ্তচরবৃত্তির অভিযোগে করা মামলায় গ্রেফতার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে গত ২২ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৭ সেপ্টেম্বর তাকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। এবার তৃতীয় দফায় তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হলো।

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে রবিউলকে আটক করা হয়। তিনি ভারতীয় নাগরিক এবং গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বাংলাদেশে তার চলাফেরা সন্দেহজনক ছিল।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় রবিউল তার পাসপোর্ট দেখান এবং নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন। তবে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখা যায়, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডিতে থাকা জন্মতারিখের সঙ্গে পাসপোর্টে উল্লেখিত জন্মতারিখের মিল নেই।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, রবিউল এর আগে একাধিকবার বাংলাদেশে ভ্রমণ করলেও প্রতিবার বাংলাদেশে আসা-যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন বলেও দাবি করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ, রবিউল বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন। সম্প্রতি ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার করা হয়। তার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এবং সন্দেহের বিষয়গুলো যাচাই করতে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়।