...|...|...

অন্যান্য

খাবার আছে, পুষ্টি নেই: খাদ্য দারিদ্র্যে দেশের ৬৫ শতাংশ শিশু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:১০
Shares
খাবার আছে, পুষ্টি নেই: খাদ্য দারিদ্র্যে দেশের ৬৫ শতাংশ শিশু

ছবি: সংগৃহীত

শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পুষ্টিকর খাবারের অভাব। এমআইসিএস ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশের ৬ থেকে ২৩ মাস বয়সী ৬৪ দশমিক ৮ শতাংশ শিশু খাদ্য দারিদ্র্যের মধ্যে রয়েছে। অর্থাৎ এই বয়সী শিশুদের বড় একটি অংশ প্রতিদিন প্রয়োজনীয় বৈচিত্র্যময় খাবার পাচ্ছে না। জরিপের সংজ্ঞা অনুযায়ী, আগের দিন আটটি নির্ধারিত খাদ্যগোষ্ঠীর মধ্যে চারটি বা তার কম গোষ্ঠীর খাবার পাওয়া শিশুরা খাদ্য দারিদ্র্যের মধ্যে পড়ে।

এই সংকটের সাথে অর্থনৈতিক বৈষম্যের সম্পর্কও স্পষ্ট। জরিপে দেখা গেছে, সবচেয়ে দরিদ্র পরিবারের ৭৬ দশমিক ৭ শতাংশ শিশু খাদ্য দারিদ্র্যের মধ্যে রয়েছে। বিপরীতে সবচেয়ে সচ্ছল পরিবারের শিশুদের ক্ষেত্রে এই হার ৫২ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ পরিবারের আর্থিক সামর্থ্য বাড়লে শিশুদের খাদ্যতালিকায় বৈচিত্র্য আসার সুযোগ বাড়ে। দরিদ্র পরিবারের অনেক শিশুর খাবারের তালিকায় ভাত, ডাল কিংবা সীমিত কিছু খাবার থাকলেও মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি ও ফলমূলের পর্যাপ্ত উপস্থিতি থাকে না।

পুষ্টির এই ঘাটতি কেবল ক্ষুধার বিষয় নয়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সাথেও সরাসরি জড়িত। জীবনের প্রথম দুই বছরে পর্যাপ্ত ও বৈচিত্র্যময় খাবার না পেলে শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। বাড়তে পারে খর্বকায় ও কৃশকায় হওয়ার ঝুঁকি। ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৪ শতাংশ খর্বকায় এবং ১২ দশমিক ৯ শতাংশ কৃশকায়। পুষ্টিকর খাবারের পাশাপাশি সঠিক সময়ে পরিপূরক খাবার দেওয়া এবং খাদ্যাভ্যাস সম্পর্কে অভিভাবকদের সচেতন করাও তাই জরুরি।