...|...|...

সারাদেশ

খাগড়াছড়িতে অনুমোদন ছাড়া চক্ষু ক্যাম্প, ৫ জনকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৯
Shares
খাগড়াছড়িতে অনুমোদন ছাড়া চক্ষু ক্যাম্প, ৫ জনকে জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়িতে অনুমোদনহীনভাবে চক্ষু ক্যাম্প পরিচালনা এবং নিজেদের চিকিৎসক ও হাসপাতাল পরিচালক পরিচয় দেওয়ার অভিযোগে ৫ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে ৪০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং অপর তিনজনকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাটনাতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ঢাকার কোতোয়ালি থানার শাহাজাদা মিয়া লেনের অনুপ কুমার বিশ্বাস (ক্যাম্পেইন পরিচালক), পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া এলাকার মো. মানিক হাওলাদার (ডিপ্লোমা চিকিৎসক), ঢাকার কেরানীগঞ্জের মো. আরিফ হোসেন ও মো. জাহিদ হোসেন এবং চট্টগ্রামের ডবলমুরিং এলাকার আবদুল কাইয়ুম রিফাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা নিজেদের একটি হাসপাতালের পরিচালক ও চিকিৎসক পরিচয় দিয়ে মানিকছড়ির ছদুরখীল ও বাটনাতলী এলাকায় সাধারণ মানুষকে জড়ো করে চক্ষু ক্যাম্প পরিচালনা করছিলেন। ক্যাম্পে চশমা ও ওষুধও বিক্রি করা হচ্ছিল।

অভিযানের সময় ক্যাম্প পরিচালনা এবং নিজেদের পরিচয়ের বৈধতা প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র বা অনুমতিপত্র দেখাতে পারেননি তারা। পরে বিষয়টি যাচাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া বলেন, অনুমোদন ছাড়া চক্ষু ক্যাম্প পরিচালনা এবং চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, চিকিৎসাসেবার নামে কেউ যাতে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।