...|...|...

খেলা

ক্ষমা চাইলেন শ্রাবণ, ক্ষোভ জামালের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৬
Shares
ক্ষমা চাইলেন শ্রাবণ, ক্ষোভ জামালের

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ৯০ মিনিটের নির্ধারিত সময়ের লড়াই শেষে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের ভুলে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্বাগতিকরা। । আবদুল সামাদ আরশাদের করা সেই গোলেই প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠে পাকিস্তান।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন শ্রাবণ। গোল হজমের জন্য তাঁকেই দায়ী করছেন অনেকে। এর পর নিজের ভুলের জন্য ফেসবুকে ক্ষমা চেয়েছেন এই গোলকিপার।

শ্রাবণ লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলাম। ভাবিনি, আজ ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে। একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। এই ঘটনা আমার জন্য বেদনাদায়ক এক শিক্ষা হয়ে থাকবে। সতীর্থ, কোচ এবং দেশের প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।

অন্যদিকে দলের পারফরম্যান্স ও কৌশল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশেষ করে তাঁকে দেরিতে মাঠে নামানোয় অসন্তুষ্ট এই মিডফিল্ডার। টিম হোটেল ছাড়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘অনেক খারাপ লাগছে। ঠিকমতো ঘুমাতে পারছি না। সারা রাত, ভোর ছয়টা পর্যন্ত হামজার রুমে ছিলাম। আসলে ভেবেছিলাম, আমাকে আরও আগে মাঠে নামানো হবে। কিন্তু আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে। এটা নিয়ে ম্যাচের পর অনেক কথা বলেছি। আমার খুব রাগ হয়েছিল।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন জামাল। তাঁর মতে, প্রতিপক্ষ পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলবে, সেটি আগে থেকেই জানা ছিল। তারপরও সেই কৌশল মোকাবিলায় কোনো সমাধান খুঁজে পায়নি বাংলাদেশ।

জামালের ভাষায়, ‘আমরা আগের ম্যাচের মতো খেলতে পারিনি। এর একটা কারণ হতে পারে কৌশলগত ঘাটতি। পাকিস্তান কি আমাদের জন্য খুব নতুন কোনো কৌশল নিয়ে এসেছিল? তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলবে, সেটা তো আমাদের জানা ছিল। সাধারণত পাঁচ ডিফেন্ডারের বিপক্ষে খেলার কিছু কৌশল বা সমাধান থাকে। কিন্তু এই ম্যাচে আমরা কোনো সমাধান খুঁজে পাইনি। বিষয়টি হতাশাজনক।

দেরিতে মাঠে নামানো নিয়ে নিজের ক্ষোভের কারণও ব্যাখ্যা করেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, ৮৬ মিনিটে তিনজন খেলোয়াড়কে একসঙ্গে প্রস্তুত হতে বলা হলেও শেষ পর্যন্ত তাঁরা মাঠে নামেন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে।

এ ছাড়া আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পর গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম না দেওয়ার বিষয়টিও সামনে এনেছেন জামাল। তাঁর মতে, খেলোয়াড়দের পাশাপাশি ম্যানেজমেন্টকেও ভুল থেকে শিক্ষা নিতে হবে। হামজার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার প্রয়োজন ছিল বলেও মনে করেন তিনি।

পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের হতাশা ছিল স্পষ্ট। টিম হোটেল ছাড়ার সময় কারও মুখে হাসি দেখা যায়নি। শ্রাবণের অনুশোচনা, জামালের ক্ষোভ আর ফাইনালে উঠতে না পারার আক্ষেপ সব মিলিয়ে হতাশার মধ্য দিয়েই শেষ হলো বাংলাদেশের সাফ অভিযান।