...|...|...

খেলা

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের দাপট, চাপে ভারত

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:১০
Shares
ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের দাপট, চাপে ভারত

ছবি: সংগৃহীত

ধ্রুব জুরেলের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রানের ব্যবধান কিছুটা কমিয়েছে ভারত। তবে ক্রাইস্টচার্চ টেস্টে এখনো স্বস্তিতে নেই সফরকারীরা। ডেভন কনওয়ের হাফসেঞ্চুরি ও রাচিন রবীন্দ্রর দায়িত্বশীল ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে ২৪৩ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড।

রবিবার (২৯ নভেম্বর) হ্যাগলি ওভালে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩৩ রান তুলে দিনের খেলা শেষ করেছে কিউইরা। প্রথম ইনিংসে ৩৫৬ রান করা স্বাগতিকদের হাতে এখনো রয়েছে সাত উইকেট।

এদিন ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ভারতের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন ধ্রুব জুরেল। অংশুল কম্বোজের বিদায়ের পর আকাশ দীপের সাথে ৪৬ রানের জুটি গড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। ২৯ রান করা আকাশ ব্যাটিংয়ের সময় হেলমেটে দুবার বলের আঘাত পান। পরে কনকাশনের কারণে ম্যাচ থেকে ছিটকে যান তিনি।

গুরনুর ব্রারকে সঙ্গে নিয়েও ৬৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন জুরেল। তবে দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে ভারতের প্রতিরোধ ভাঙেন কাইল জেমিসন। ব্রারকে বোল্ড করার পর ৮৮ রান করা জুরেলকেও ফিরিয়ে দেন তিনি। ৬৯ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেন এই কিউই পেসার। শেষ পর্যন্ত ২৪৬ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

১১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকে নিউজিল্যান্ড। তবে টম ল্যাথামকে বোল্ড করে নিজের টেস্ট ক্যারিয়ারে ২৯৬ বলের দীর্ঘতম উইকেট-খরার অবসান ঘটান জসপ্রিত বুমরাহ। চা-বিরতির পর হেনরি নিকোলসকেও ফেরান তিনি।

শরীরে একাধিক আঘাত ও হাঁটুর ব্যথা উপেক্ষা করে ৯৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ওয়াশিংটন সুন্দরের বলে যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ক্যাচে শেষ হয় তার লড়াই। অন্যদিকে ৪৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন রাচিন রবীন্দ্র।

তবে বড় লিড পেয়েও সতর্ক থাকতে হচ্ছে নিউজিল্যান্ডকে। হ্যাগলি ওভালে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের গড় ৩৯.২৯, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ফলে চতুর্থ দিনে ভারতের সামনে কত রানের লক্ষ্য ছুড়ে দেবে স্বাগতিকরা, সেটিই এখন দেখার বিষয়।