এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে শক্তিশালী কুয়েতি ক্লাব কাদসিয়া এসসির মুখোমুখি হচ্ছে বাংলাদেশের ফর্টিস এফসি। কুয়েতের মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে। কঠিন প্রতিপক্ষের মাঠে খেললেও কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশের ক্লাবটি।
ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে ফর্টিসের কোচ মাসুদ পারভেজ কায়সার আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘প্লে অফ পর্বে আমাদের দল ভালো খেলেছিল। এবার গ্রুপ পর্বেও ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। দলের সবাই সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে।’
প্রিলিমিনারি রাউন্ডে কিংস অ্যারেনায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয় ফর্টিস। এবার গ্রুপ পর্বেও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি। এ ক্ষেত্রে ফর্টিজের অন্যতম ভরসা গাম্বিয়ার পা ওমর বাবু। টানা পাঁচ মৌসুম ধরে ক্লাবটির হয়ে খেলছেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার পারফরম্যান্স দলের জন্য বড় ভূমিকা রাখতে পারে।
তবে ফর্টিসের সামনে চ্যালেঞ্জটা সহজ নয়। কুয়েতের প্রিমিয়ার লিগে রেকর্ড ১৭ বার শিরোপা জিতেছে কাদসিয়া এসসি। নিজেদের মাঠে খেলা হওয়ায় স্বাগতিকদের বাড়তি সুবিধাও থাকবে।
এএফসি চ্যালেঞ্জ লিগের ‘সি’ গ্রুপে ফর্টিজের অন্য দুই প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেগার তাদাজ তুরসুনজোদা। গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। রানার্স-আপ দলগুলোর মধ্যে তিন গ্রুপের সেরা দলটিও পরের রাউন্ডে উঠবে। ফলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ ফর্টিজের জন্য।
কাদসিয়ার বিপক্ষে ম্যাচের পর আগামী ২০ অক্টোবর ভারতের এফসি গোয়ার মুখোমুখি হবে বাংলাদেশের ক্লাবটি। গ্রুপ পর্বে টিকে থাকার লড়াইয়ে তাই প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট আদায় করতে চাইবে ফর্টিস।


