কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এ বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন রঞ্জিত কুমার ঘোষ (৫৫)। তিনি সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর জেলসুপার জাহানারা বেগম।
তিনি জানান, রঞ্জিত কুমার ঘোষ কয়েক মাস ধরে কারাগারে বন্দি ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় কারা অভ্যন্তরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে নিহতের স্বজনদের দাবি, জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে বন্দি অবস্থায় তার মৃত্যুর ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।


