...|...|...

সারাদেশ

কার্যালয়ের সামনে হাঁটতে হাঁটতে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৭
Shares
কার্যালয়ের সামনে হাঁটতে হাঁটতে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার। ছবি: টাইমস টুডে

বগুড়ার সাতমাথায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্ণ ওই এলাকার মৃত শাহিনুর প্রামাণিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে হেঁটে যান বর্ণ। পরে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। এ ঘটনার পর তার ছবি দেখে পরিচয় শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রাদিয়াদ হুসাইন বর্ণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হয়ে তার কারাগারে থাকার তথ্যও জানিয়েছে পুলিশ। এ ছাড়া বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতারের পূর্ববর্তী একটি ঘটনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, বর্ণের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন, বিস্ফোরকদ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, এসব মামলার মধ্যে ২০২২ ও ২০২৪ সালের অস্ত্র আইনের মামলা এবং ২০২৪ ও ২০২৫ সালের বিস্ফোরকদ্রব্য ও দণ্ডবিধিসংক্রান্ত মামলা রয়েছে। কয়েকটি মামলায় তাকে এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্য কয়েকটি মামলায় তদন্তের সময় সন্দেহভাজন হিসেবে তার নাম এসেছে।

তবে এসব মামলার বর্তমান অবস্থা এবং গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।