...|...|...

চট্টগ্রাম

কলেজ হোস্টেলে সিট বরাদ্দ নেওয়া আর হলো না সুমাইয়ার

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট: ২ দিন আগে
কলেজ হোস্টেলে সিট বরাদ্দ নেওয়া আর হলো না সুমাইয়ার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার চুনতি ডেপুটি বাজার এলাকায় পূরবী পরিবহন ও গ্রীনলাইন পরিবহনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরব শাহ ঘোনাপাড়া জমিদার বাড়ির মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারসহ বর্তমানে তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী পূরবী পরিবহন ও কক্সবাজারমুখী গ্রীনলাইন পরিবহনের বাস দুটি মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলে একজন নারী যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরও কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের মা ইয়াসমিন আক্তার জানান, সকালে সুমাইয়া মালুমঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পান তারা।

ইয়াসমিন আক্তার বলেন, ‘কলেজের হোস্টেলে সিট বরাদ্দ দেওয়ার কথা ছিল গতকাল। নোটিশ দিয়ে জানানো হয়েছিল, অভিভাবক নিয়ে যেতে হবে। এ জন্য সুমাইয়ার বাবা রাঙ্গুনিয়া থেকে কলেজে চলে যান। তিনি অপেক্ষা করবেন বলে মেয়েটি সকাল সাতটায় ভাত খেয়ে তাড়াহুড়া করে বাড়ি থেকে বের গেল। যাওয়ার সময় বলেছিলাম, এত তাড়া কিসের? পাঁচ মিনিট পর বের হও, কিন্তু মেয়ে কথা শোনেনি।’

লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়মুন সিরাজ বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক তরুণীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।’

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, চুনতিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নারী যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।