ইসলামে নারী-পুরুষ সবার সম্পত্তির অধিকার নির্ধারিত। বিশেষ করে পিতা-মাতার মৃত্যুর পর সন্তানদের মধ্যে সম্পদ বণ্টনের ক্ষেত্রে কুরআনে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। অথচ সমাজে এখনো অনেক পরিবারে মেয়েদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার প্রবণতা দেখা যায়। কোথাও বাবা জীবদ্দশায় ছেলেদের নামে সব সম্পদ লিখে দেন, আবার কোথাও ভাইয়েরা নানা কৌশলে বোনদের প্রাপ্য অংশ আত্মসাৎ করেন। নিয়মিত নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত পালন করেও যারা এমন অন্যায়ে জড়িত, তারা মূলত আল্লাহর নির্ধারিত বিধান ও বান্দার হক লঙ্ঘন করছেন।
ইবাদত করেও অন্যের হক আত্মসাতের পরিণতি
অনেক মানুষ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, হজ পালন করেন, জাকাত দেন এবং বিভিন্ন পাপ থেকে নিজেকে দূরে রাখেন। কিন্তু সম্পত্তি বণ্টনের সময় মেয়েদের প্রাপ্য অধিকার অস্বীকার করেন। কেউ কেউ নিজের সম্পদ দাবি করে ইচ্ছামতো সন্তানদের মধ্যে তা বণ্টন করেন। আবার অনেক ভাই বাবার সাথে যোগসাজশ করে বোনদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন।
ইসলামের দৃষ্টিতে এটি নিছক পারিবারিক বিরোধ নয়; বরং অন্যের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া এবং আল্লাহর বিধানের সীমা অতিক্রম করার শামিল।
এ প্রসঙ্গে ইসলামি আলোচক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেছিলেন, ‘মদ পান করা হারাম, কিন্তু তার চেয়েও মারাত্মক অপরাধ হলো বান্দার হক হরণ করা। নিজের ঔরসজাত মেয়েকে তার বৈধ হক থেকে বঞ্চিত করা সবচেয়ে বড় অন্যায়গুলোর একটি।’
উত্তরাধিকার নিয়ে কুরআনের সুস্পষ্ট নির্দেশনা
ইসলামে উত্তরাধিকার সম্পত্তি বণ্টন কোনো ব্যক্তির ইচ্ছা বা পারিবারিক সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়নি। বরং পবিত্র কুরআনে প্রত্যেক উত্তরাধিকারীর অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুরা আন-নিসার ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন—
تِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
‘এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আর এটিই মহা সাফল্য।’ (সুরা আন-নিসা: আয়াত ১৩)
পরের আয়াতেই আল্লাহ তাআলা তাঁর নির্ধারিত সীমা লঙ্ঘনকারীদের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন—
وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ
‘আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের নাফরমানি করে এবং তার নির্ধারিত সীমারেখা অতিক্রম করে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন; সেখানে সে চিরকাল থাকবে এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি।’ (সুরা আন-নিসা: আয়াত ১৪)
অর্থাৎ উত্তরাধিকার বণ্টনের বিধান মেনে চলা আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যের অংশ। আর জেনেশুনে কারও প্রাপ্য অংশ আটকে রাখা গুরুতর অপরাধ।
উত্তরাধিকার বঞ্চিত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি
অন্যের সম্পদ আত্মসাৎ এবং উত্তরাধিকারীর অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে রাসুলুল্লাহ (সা.) একাধিক হাদিসে সতর্ক করেছেন।
ইবনে মাজাহর একটি হাদিসে এসেছে—
مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ قَطَعَ اللَّهُ مِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ
‘যে ব্যক্তি তার ওয়ারিশের উত্তরাধিকারের অংশ হরণ করে পলায়ন করবে (বঞ্চিত করবে), কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে তার অংশ কেটে দেবেন (বঞ্চিত করবেন)।’ (ইবনে মাজাহ: ২৭০৩)
অন্যের জমি বা সম্পদ অন্যায়ভাবে দখল করার পরিণতি সম্পর্কেও কঠোর সতর্কবার্তা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ
‘যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত পরিমাণ জমিও আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সাত স্তবক জমিন তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে।’ (মুসলিম: ১৬১০)
এসব হাদিস থেকে বোঝা যায়, সম্পত্তি আত্মসাৎ শুধু দুনিয়ার আইনগত অপরাধ নয়, আখেরাতেও এর জন্য জবাবদিহি করতে হবে।
জীবদ্দশায় দান ও মৃত্যুর পর উত্তরাধিকার এক বিষয় নয়
সন্তানদের মধ্যে সম্পদ বণ্টনের ক্ষেত্রে ইসলামে দুটি পৃথক বিষয় রয়েছে। একটি হলো পিতার জীবদ্দশায় সম্পদ দান বা হেবা করা, অন্যটি হলো মৃত্যুর পর উত্তরাধিকার বণ্টন।
জীবদ্দশায় সম্পদ দান বা হেবা: কোনো পিতা জীবিত অবস্থায় সন্তানদের সম্পদ দান করতে চাইলে সন্তানদের মধ্যে ন্যায়বিচার ও সমতা বজায় রাখতে হবে। কাউকে অন্যায়ভাবে বেশি দেওয়া কিংবা কাউকে বঞ্চিত করা উচিত নয়।
হজরত নোমান ইবনে বাশির (রা.) বর্ণনা করেন, তার পিতা তাকে বিশেষ একটি দান করে রাসুলুল্লাহ (সা.)-কে সাক্ষী রাখতে চাইলে তিনি জানতে চান, অন্য সন্তানদেরও কি একই পরিমাণ দান করা হয়েছে? পিতা নেতিবাচক উত্তর দিলে রাসুলুল্লাহ (সা.) বলেন—
فَلاَ تُشْهِدْنِي إِذًا، فَإِنِّي لاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ
‘তাহলে তুমি আমাকে এ বিষয়ে সাক্ষী রেখো না; কেননা আমি কোনো জুলুমের কাজে সাক্ষী হতে পারি না।’ (মুসলিম: ১২৪৩)
মৃত্যুর পর উত্তরাধিকার বণ্টন: কোনো ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তি শরিয়তের নির্ধারিত বিধান অনুযায়ী উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করতে হবে। সাধারণভাবে একই স্তরের ছেলে ও মেয়ে একসাথে উত্তরাধিকারী হলে একজন ছেলে দুই মেয়ের সমান অংশ পাবে। এটি আল্লাহর নির্ধারিত বিধান। তবে অন্যান্য উত্তরাধিকারী, ঋণ, বৈধ অসিয়তসহ সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে চূড়ান্ত বণ্টন করতে হয়।
বোনের অধিকার ফিরিয়ে দেওয়া প্রত্যেক ভাইয়ের দায়িত্ব
সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, লোভ কিংবা সামাজিক কুসংস্কারের কারণে অনেক নারী তাদের ন্যায্য উত্তরাধিকার থেকে বঞ্চিত হন। কখনো পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে, আবার কখনো ভাইদের চাপের মুখে তারা নিজেদের অধিকার দাবি করতে পারেন না। কিন্তু নীরবতা বা সামাজিক প্রথা কোনোভাবেই আল্লাহর নির্ধারিত অধিকার বাতিল করে না।
একজন মুসলিমের দায়িত্ব হলো, উত্তরাধিকারীদের প্রত্যেকের প্রাপ্য অংশ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া। কেউ অন্যের সম্পদ আত্মসাৎ করে থাকলে তা ফিরিয়ে দেওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাওয়াও জরুরি।
ইবাদতের পাশাপাশি মানুষের অধিকার রক্ষা করাও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই পারিবারিক সম্পত্তি বণ্টনে ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। কারণ দুনিয়ার সম্পদের লোভে কারও হক নষ্ট করে সাময়িক লাভবান হওয়া গেলেও আখেরাতের জবাবদিহি থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই।


