...|...|...

খেলা

এক ম্যাচে ৩০০ রান, ইতিহাস গড়লেন হৃদয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৯ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৭
Shares
এক ম্যাচে ৩০০ রান, ইতিহাস গড়লেন হৃদয়

তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের অনন্য কীর্তি গড়েছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন ফিফটি। এর মধ্য দিয়ে দেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এই রেকর্ড গড়েন হৃদয়। প্রথম ইনিংসে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি। ১১৩ বলে ৭০ রান নিয়ে অপরাজিত আছেন হৃদয়। 

এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের ঘরে পৌঁছাতে পারেননি। এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন মুমিনুল হক। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১৭৬ ও ১০৫ রান করেছিলেন তিনি। সব মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ২৮১ রান।

এই তালিকায় পরের অবস্থানেও রয়েছেন বাংলাদেশের দুই বাঁহাতি ব্যাটার। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৭৩ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আর ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ২৭০ রান।

হৃদয়ের ব্যাটে এবার সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিং অব্যাহত থাকায় ব্যক্তিগত সংগ্রহ আরও বাড়ানোর সুযোগও রয়েছে।