ইহুদি জনগোষ্ঠীর আবাসভূমি বলতেই সবার আগে ইসরায়েলের নাম চোখের সামনে ভেসে ওঠে। তবে বিশ্বের মোট ইহুদি জনসংখ্যার অর্ধেকেরও বেশি ছড়িয়ে-ছিটিয়ে আছে ইসরায়েলের বাইরের নানা দেশে।
উত্তর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, লাতিন আমেরিকা কিংবা ওশেনিয়া—বিশ্বের প্রায় সব প্রান্তেই রয়েছে ইহুদিদের উল্লেখযোগ্য উপস্থিতি।
হিব্রু ইউনিভার্সিটির অধ্যাপক সার্জিও ডেলাপারগোলা, আমেরিকান জিউইশ ইয়ার বুক এবং ইসরায়েল সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (সিবিএস)-এর ২০২৫ সালের তথ্যমতে, বিশ্বে ইহুদি জনসংখ্যার শীর্ষে রয়েছে ইসরায়েল, যেখানে বসবাস করে ৭৭ লাখ ৯০ হাজার (মতান্তরে ৭২.১ লাখ) ইহুদি। তবে ইসরায়েলের পরই যে দেশটিতে সবচেয়ে বেশি ইহুদি বসবাস করে, সেটি হলো যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের পর ইহুদিদের সবচেয়ে বড় কেন্দ্র হলো যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ৬৩ লাখ ইহুদি বসবাস করে, যা সংখ্যার বিচারে ইসরায়েলের প্রায় কাছাকাছি। দেশটির নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও মিয়ামির মতো বড় শহরগুলোতে তাদের ঘনবসতি ও সামাজিক প্রভাব অত্যন্ত দৃশ্যমান। উত্তর আমেরিকার আরেক দেশ কানাডাতেও রয়েছে ৪ লাখ ৭ হাজার ইহুদি, যা তালিকার চতুর্থ অবস্থানে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের ভয়াবহতা পেরিয়ে ইউরোপের বিভিন্ন দেশে এখনো বেশ বড় সংখ্যক ইহুদি জনগোষ্ঠী বসবাস করছে। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইহুদি রয়েছে ফ্রান্সে। ৪ লাখ ৩৬ হাজার ইহুদি নিয়ে দেশটি বিশ্ব তালিকায় তৃতীয় অবস্থানে আছে।
পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে বসবাস করে ৩ লাখ ১৫ হাজার ইহুদি। এ ছাড়া ইউরোপের অন্যান্য দেশের মধ্যে জার্মানিতে ১ লাখ ২৬ হাজার, রাশিয়ায় ১ লাখ ২০ হাজার, হাঙ্গেরিতে ৪৫ হাজার, নেদারল্যান্ডসে ৩৫ হাজার, ইউক্রেনে ৩১ হাজার, বেলজিয়ামে ২৯ হাজার, ইতালিতে ২৭ হাজার এবং সুইজারল্যান্ডে ২১ হাজার ইহুদি নাগরিক বসবাস করেন।
ইহুদি জনগোষ্ঠীর বড় একটি অংশ ছড়িয়ে আছে লাতিন আমেরিকার দেশগুলোতেও। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় বসবাস করে ১ লাখ ৬৮ হাজার ইহুদি, যা তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। এই অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে ব্রাজিলে ৯০ হাজার, মেক্সিকোতে ৪১ হাজার এবং উরুগুয়ে ও চিলিতে ১৬ হাজার করে ইহুদি বসবাস করে।
অন্যদিকে, ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়ায় ১ লাখ ১৭ হাজার ইহুদি বসবাস করে, যা তালিকার নবম স্থানে আছে। আর আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ৪৯ হাজার ইহুদি।
এছাড়া, এশিয়ার দেশ ইরানেও প্রায় ৯ হাজারের বেশি ইহুদির বসবাস। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে প্রায় ৪,৫০০ এবং চীনে প্রায় সাড়ে তিন হাজার ইহুদি বসবাস করছে।
ইতিহাসের নানা বাঁক ও অভিবাসনের পথ ধরে ইহুদি জনগোষ্ঠী পৃথিবীর বিভিন্ন দেশে স্থায়ীভাবে থিতু হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে বিশ্বের সিংহভাগ ইহুদি বসবাস করলেও ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রদায়গত শক্ত অবস্থান বজায় রয়েছে।

