...|...|...

জাতীয়

ইমাম-মুয়াজ্জিনদের সতর্ক করে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ বিজ্ঞপ্তি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, সকাল ৭:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:২৮
Shares
ইমাম-মুয়াজ্জিনদের সতর্ক করে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের টার্গেট করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে এই চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

শনিবার (১১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রটি ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের ভুয়া পরিচয় দিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদগুলোর দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছে।

তথ্য সংগ্রহের জন্য তারা কখনো সরাসরি টেলিফোন বা মোবাইল ফোন, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছে।

প্রতারকরা মূলত মসজিদের বেতন-ভাতা সংক্রান্ত আলোচনার অজুহাতে বিভিন্ন গোপনীয় তথ্য জানতে চাচ্ছে। এর মধ্যে রয়েছে- ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল ব্যাংকিং নম্বর, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, মোবাইল ব্যাংকিংয়ের পিন ও ওটিপি।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের প্রধান কার্যালয় কিংবা কোনো আঞ্চলিক কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না।

কোনো ধরনের সরকারি অনুদান, সম্মানী বা আর্থিক সুবিধা দেওয়ার কথা বলে কেউ যদি পিন, ওটিপি বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চায়, তবে তা নিশ্চিতভাবেই প্রতারণা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের অপরিচিত বা সন্দেহজনক ফোনকলে কোনো তথ্য না দেওয়ার অনুরোধ করা হয়েছে।

যদি কেউ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে তথ্য বা অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে তা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করে নিতে বলা হয়েছে।

একই সঙ্গে এ ধরনের কোনো প্রতারণার চেষ্টা চললে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।