...|...|...

ক্যাম্পাস

ইবিতে ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ সাত পদে নতুন নিয়োগ

ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৫
Shares
ইবিতে ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ সাত পদে নতুন নিয়োগ

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ সাতটি প্রশাসনিক ও দাফতরিক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে তাদের নিয়োগ দিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিগুলো সূত্রে জানা গেছে, ছাত্র উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের স্থলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক সিদ্দিকীর স্থলে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মোছা. হামিদা খাতুন, উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক এ. কে. এম. রাশেদুজ্জামানের স্থলে বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদেরের স্থলে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিনের স্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দকে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়াও শাহ আজিজুর রহমান হলের আবাসিক শিক্ষক হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাক এবং সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আবুল কাশেম তালুকদার এর স্থলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মিনহাজউল হককে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিগুলো থেকে আরও জানা যায়, সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মিনহাজউল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এবং বাকিরা নির্দিষ্ট পদে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তরা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।