২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন তালিকায় প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন ৭ ক্রিকেটার। চুক্তিতে ফিরেছেন পেসার ওলি রবিনসনও। অন্যদিকে তালিকা থেকে বাদ পড়েছেন বেন স্টোকস, জ্যাক ক্রলি ও মার্ক উডের মতো পরিচিত মুখ।
আগামী মৌসুমের জন্য মোট ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দিয়েছে ইসিবি। এর পাশাপাশি ডেভেলপমেন্ট চুক্তির আওতায় রাখা হয়েছে আরও ৯ জনকে। আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন সংস্করণে খেলোয়াড়দের পাইপলাইন শক্তিশালী করাই এর লক্ষ্য। গত মৌসুমেও ইসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন ৩০ জন। এবার কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি ডেভেলপমেন্ট চুক্তির কাঠামো সাজিয়ে খেলোয়াড়দের উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে বোর্ড।
প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি পাওয়া ক্রিকেটাররা হলেন টম ব্যান্টন, স্যাম কুক, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, এমিলিও গে, ম্যাথিউ ফিশার ও ড্যান লরেন্স। ২০২২ ও ২০২৩ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ওলি রবিনসন ফিরেছেন নতুন তালিকায়।
কয়েকজন ক্রিকেটারের ওপর দীর্ঘমেয়াদি আস্থাও রেখেছে ইসিবি। জর্ডান কক্স ও হেনরি ক্রোকম্ব প্রথমবারের মতো পেয়েছেন দুই বছরের কেন্দ্রীয় চুক্তি। সনি বেকারের চুক্তি এক বছর থেকে বাড়িয়ে দুই বছরের করা হয়েছে। সব মিলিয়ে দুই বছরের কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১১ জন। জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, স্যাম কারান, উইল জ্যাকস, জো রুট ও জশ টাং গত বছরের চুক্তি নবায়ন করে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত থাকার সুযোগ পেয়েছেন। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন কক্স ও ক্রোকম্ব।
এ ছাড়া জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, আদিল রশিদ ও জেমি স্মিথের বিদ্যমান দুই বছরের চুক্তির দ্বিতীয় বছর শুরু হচ্ছে। তাদের চুক্তির মেয়াদ চলবে ইংল্যান্ডের ২০২৭ সালের ঘরের মাঠের গ্রীষ্মকালীন মৌসুমের শেষ পর্যন্ত।
ইংল্যান্ডের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো ডেভেলপমেন্ট চুক্তি পেয়েছেন জেমস কোলস, ম্যাসন ক্রেন, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, থমাস রিউ ও ম্যাথিউ রিভিস। এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন ১৮ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার থমাস রিউ। চলতি বছরের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইয়ং লায়ন্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ডেভেলপমেন্ট তালিকায় তিনিই সবচেয়ে কম বয়সী। অন্যদিকে আট বছরেরও বেশি সময় পর প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়ার অপেক্ষায় থাকা ম্যাসন ক্রেনের জন্যও এই চুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডেভেলপমেন্ট তালিকায় আরও আছেন জশ হল, এডি জ্যাক ও মিচেল স্ট্যানলি।
নতুন তালিকায় জায়গা হয়নি জ্যাক ক্রলি, টম লজ, লুক উড ও মার্ক উডের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তালিকা থেকে বাদ পড়েছেন বেন স্টোকস।
নতুন চুক্তি কাঠামোয় একদিকে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে, অন্যদিকে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে কয়েকজনের ওপর আস্থা ধরে রেখেছে বোর্ড। আগামী মৌসুমে ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের পরিকল্পনায় এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


