...|...|...

আবহাওয়া

আজ বৃষ্টির আশঙ্কা আছে কি না, জানাল আবহাওয়া অফিস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৮
Shares
আজ বৃষ্টির আশঙ্কা আছে কি না, জানাল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

দেশের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন আকাশে সাময়িকভাবে মেঘের উপস্থিতি থাকলেও সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া ১৩ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে সেটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের আভাস দেওয়া হয়নি। এ সময়ও আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৬৬ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। পরদিন শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।