...|...|...

জাতীয়

আগামী দুই মাসে ৩ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৪
Shares
আগামী দুই মাসে ৩ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর

আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্যে জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফর এবং তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এ অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সফরগুলোর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। 

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের প্রাথমিক প্রস্তুতি চলছে। এরপর নভেম্বরের প্রথম দিকে তুরস্ক এবং মাসের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে। তিনটি সফর আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তাদের পর্যায়ে যোগাযোগ ও আলোচনা চলছে। 

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে টোকিও সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সফরটি তিন থেকে চার দিনের হতে পারে। 

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ জোরদার এবং জাপানে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর অগ্রগতি পর্যালোচনা গুরুত্ব পেতে পারে।

এর আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছিল। একই সময়ে পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়। 

নভেম্বরের প্রথম দিকে তুরস্ক সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি চলছে। 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের জন্য কপ৩১ গুরুত্বপূর্ণ। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, পূর্বঘোষিত জলবায়ু লক্ষ্য বাস্তবায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তার মতো বিষয়গুলোতে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার সুযোগ থাকবে।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। সেখানে কপ৩১ এবং এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়। 

নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এ সফরের আয়োজন নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। 

সাম্প্রতিক সময়ে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ঐতিহ্যগত জনশক্তি রপ্তানির বাইরে আরও বিস্তৃত করার আগ্রহ দেখিয়েছে। সম্ভাব্য সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ, জ্বালানি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য নতুন সময়সূচি নিয়েও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে বলে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

তবে তিন দেশ সফরের মতো ভারত সফরের তারিখও এখনো চূড়ান্ত হয়নি। সাম্প্রতিক প্রতিবেদনে নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার কথাও এসেছে।