...|...|...

অন্যান্য

আইইবি নির্বাচনে জালিয়াতির অভিযোগ, সবুজ দলের ভোট বর্জন ও পুনর্নির্বাচনের দাবি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৫২
Shares
আইইবি নির্বাচনে জালিয়াতির অভিযোগ, সবুজ দলের ভোট বর্জন ও পুনর্নির্বাচনের দাবি

ছবি: টাইমস টুডে

​ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নির্বাচনে ‘নজিরবিহীন ভোট জালিয়াতি’ ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সবুজ দল। একই সঙ্গে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে প্যানেলটি।  

​আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। আইইবি নির্বাচন ২০২৬-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী অধ্যাপক মো. আলীর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

​সংবাদ সম্মেলনে সবুজ দলের নেতারা অভিযোগ করেন, গতকাল ১২ নভেম্বর অনুষ্ঠিত আইইবি নির্বাচনে বিএনপি-সমর্থিত হলুদ প্যানেলের বিরুদ্ধে দলীয় লোক দিয়ে জাল ভোট প্রদানসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে। তারা বলেন, ওএমআর (এমসিকিউ) পদ্ধতিতে অর্থাৎ গোল বৃত্ত ভরাট করে ভোট গ্রহণের ব্যবস্থাকে কাজে লাগিয়ে ব্যাপক জালিয়াতি করা হয়েছে।  

​লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তর পর্বে বক্তারা বলেন, জাল ভোট দেওয়ার সময় দলীয় বেশ কয়েকজনকে হাতেনাতে ধরা হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেননি; বরং অভিযুক্ত ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে নির্বাচন কমিশনের লোকজন প্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে সেখানে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।  

​ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়েও গুরুতর অনিয়মের অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। সবুজ দলের পক্ষ থেকে বলা হয়, ব্যালট পেপার নিয়ে জালিয়াতির আশঙ্কার বিষয়টি তারা আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (এইচডিএস) জানিয়েছিলেন। তবে তখন কোনো সদুত্তর পাওয়া যায়নি।  

​ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে বক্তারা বলেন, নির্বাচনে ব্যবহৃত ব্যালট বাক্সগুলোর কোনোটিই সিলগালা করা ছিল না। এ ছাড়া আইইবি হলরুম ক্যাম্পাসের সামনে ভোট গ্রহণ করা হলেও গণনার জন্য ব্যালট বাক্সগুলো সরিয়ে নেওয়া হয় পুরাতন ভবনের সেমিনার কক্ষে। সেখানে কতটি ব্যালট বাক্স নেওয়া হয়েছে, তারও কোনো সঠিক হিসাব প্রার্থীদের জানানো হয়নি বলে অভিযোগ করেন তারা।

​নির্বাচনী ব্যবস্থাপনায় এমন দলীয়করণ ও অনিয়মের তীব্র নিন্দা জানিয়ে সবুজ দলের নেতারা প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ঘোষণা দেন। পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পুনরায় আইইবি নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করা হয়।