ফিফার নতুন আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপ-পরবর্তী প্রথম ম্যাচেই ধাক্কা খেল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হারের মুখ থেকে কোনোরকমে রক্ষা পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে। ফলাফল না জেতায় এর প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়েও- পাঁচ নম্বর থেকে এক ধাপ নেমে ছয়ে চলে গেছে ব্রাজিল, আর তাদের জায়গায় পাঁচে উঠে এসেছে মরক্কো।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। ২০তম মিনিটে হলুদ কার্ড দেখেন অস্ট্রেলিয়ার জ্যাকসন আরভিন।
বিরতির ঠিক আগে নাটকীয় এক মুহূর্তের জন্ম দেয় ব্রাজিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বল জালে জড়ান এস্তেভাও। ব্রাজিল শিবির গোল উদযাপন শুরু করলেও ভিএআর পর্যালোচনার পর সেই গোল বাতিল করে দেন রেফারি, যা হতাশ করে সেলেসাওদের। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উভয় দল। বল দখলে স্পষ্ট আধিপত্য দেখায় ব্রাজিল- ম্যাচের ৬৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ও গোলরক্ষক প্যাট্রিক বিচকে ভেদ করতে পারছিল না তারা। উল্টো ম্যাচের ৬৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে স্বাগতিকদের এগিয়ে দেন নেস্তোরি ইরানকুন্দা।
গোল হজমের পর আক্রমণের গতি আরও বাড়ায় ব্রাজিল। একাধিক পরিবর্তন এনে আক্রমণভাগ শক্তিশালী করেন কোচ কার্লো আনচেলত্তি- ৬২তম মিনিটে ব্রুনো গিমারেসের বদলে নামেন ডগলাস লুইজ, আর ৬৫তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিকের পরিবর্তে মাঠে নামানো হয় স্যামুয়েল লিনো ও পেদ্রোকে। গোল হজমের পরও পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি ব্রাজিল, আর তারই ফল মেলে অতিরিক্ত সময়ে। শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান রায়ান, যা হারের হাত থেকে ব্রাজিলকে রক্ষা করে।
এই ড্রয়ের ফলে র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষেই দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

