...|...|...

বিনোদন

মাত্র ৩৪ বছরে চলে গেলেন সদ্য মা হওয়া আলোচিত মডেল সাহারা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৫ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০১
Shares
মাত্র ৩৪ বছরে চলে গেলেন সদ্য মা হওয়া আলোচিত মডেল সাহারা

ছবি: সংগৃহীত

মাত্র ৩৪ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলীয় মডেল সাহারা রে। সার্ফিং কিংবদন্তি টনি রের মেয়ে সাহারার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও অনুরাগীদের মধ্যে। চলতি বছরের শুরুতেই কন্যাসন্তানের মা হয়েছিলেন তিনি। মৃত্যুর সময় হাসপাতালে পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

পিপলের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর সাহারার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এর আগে সংবাদমাধ্যম টিএমজেড তার মৃত্যুর খবর প্রকাশ করে। সাহারার পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর সময় তিনি হাসপাতালে স্বজনদের ঘেরাটোপে ছিলেন। 

চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তান স্নোর জন্ম দেন সাহারা। ২০২৫ সালের ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে অন্তঃসত্ত্বা অবস্থার নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সাথে ভাগ করে নেন। এপ্রিলে মেয়েকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে আবেগঘন বার্তাও দিয়েছিলেন এই মডেল।

২০২৪ সালে সাহারা জানিয়েছিলেন, তিনি গিলেন-বারে সিনড্রোমে আক্রান্ত। এটি এমন একটি স্নায়বিক রোগ, যাতে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত স্নায়ুকে আক্রমণ করে। এর ফলে শরীরে দুর্বলতা, অসাড়তা, এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সাহারা বলেছিলেন, উরুর ওপরের অংশ থেকে পা পর্যন্ত পক্ষাঘাতে আক্রান্ত হওয়ায় তিনি হাঁটতে পারছিলেন না। চলাফেরার জন্য হুইলচেয়ার ও ওয়াকারের সাহায্য নিতে হচ্ছিল তাকে। তবে তার মৃত্যুর সাথে এই রোগের কোনো সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া সাহারা বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে। পেশাদার সার্ফার বাবা টনি রের সাথে ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা ছিল তার। পরবর্তী সময়ে মডেলিংয়ে নিজের পরিচিতি গড়ে তোলেন এবং ‘সাহারা রে সুইম’ নামে নিজস্ব সাঁতারের পোশাকের ব্র্যান্ড চালু করেন।

২০১৬ সালে সংগীতশিল্পী জাস্টিন বিবারের সাথে হাওয়াইয়ে সময় কাটানোর ছবি প্রকাশ্যে এলে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসেন সাহারা। তবে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা আলোচনার বাইরেও অল্প বয়সে তার মৃত্যু এবং ছোট্ট মেয়েকে রেখে চলে যাওয়া ভক্তদের কাছে গভীর বেদনার হয়ে থাকবে।