রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর ব্যানারে চলা এই কর্মসূচির মধ্যে শনিবার (২৮ নভেম্বর) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী আলি ইমরান জিহাদ।
‘রাবি সংস্কার আন্দোলন’-এর সদস্যসচিব আরিফ আলভী জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জিহাদকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার ইসিজিসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আলি ইমরান জিহাদ ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং ‘মঞ্চ ২৪’-এর সাংগঠনিক সম্পাদক।
আরিফ আলভী বলেন, ‘দীর্ঘ সময় অবস্থান করার কারণে জিহাদের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। একপর্যায়ে দাঁত লেগে সে অজ্ঞান হয়ে পড়ে। গতকালও হাসপাতালে যেতে চায়নি, আজ বাধ্য হয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীর অনেক দুর্বল।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রমে অসন্তোষ জানিয়ে আরিফ আলভী অভিযোগ করেন, রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অডিট জটিলতার কথা বলা হলেও এর সাথে নির্বাচনের কার্যক্রম আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। অডিট দল গঠনের বিষয়ে দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও পাঁচ দিন পেরিয়ে গেছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি।
অডিটের বিষয়টি সামনে এনে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে দাবি করে এই শিক্ষার্থী নেতা বলেন, ‘আমরা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। প্রশাসন কার্যকর উদ্যোগ না নিলে প্রয়োজনে ১২ মাস অবস্থান করব। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে; পরীক্ষা দিয়েও এখানে অবস্থান করছি। রাকসুর রোডম্যাপ না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।’
একই অভিযোগ করেন ‘রাবি সংস্কার আন্দোলন’-এর আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, অডিটের অজুহাতে নির্বাচন কমিশন গঠন না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর ভাষায়, ‘রাকসু আদায় করেই আমরা ঘরে ফিরব। অডিট শেষ হওয়ার পর প্রশাসন নতুন কোনো অজুহাত দাঁড় করায় কি না, সেটিও দেখার বিষয়। তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অন্য শিক্ষার্থীরা হলেন—সমাজকর্ম বিভাগের আরিফ আলভী ও মাহির ফয়সাল সাদিক, ইতিহাস বিভাগের রাহি সরকার, ইসলামিক স্টাডিজ বিভাগের মারজিয়া সুলতানা মিথি ও রিয়াদুল ইসলাম, আরবি বিভাগের সায়মুল ইসলাম, দর্শন বিভাগের সনেট সেন ও মেহরাব শিকদার, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ওমর ফারুক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জান্নাতুল ফেরদৌস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অনামিকা আলম, গণিত বিভাগের আবু সাইদ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিহাব শাহরিয়ার, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নীল এবং চারুকলা অনুষদের আবিদা সুলতানা। তারা সবাই সংগঠন দুটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে গত ১৬ নভেম্বর সংবাদ সম্মেলন করে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’। পরদিন ১৭ নভেম্বর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান শুরু করেন সংগঠন দুটির নেতাকর্মীরা।


