উল্লাপাড়ায় রোপা আমন ধান কাটা শুরু!
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগুর (আগাম) আবাদের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। এ ধানের ফলন ভালো হারে হচ্ছে। উপজেলার বেশীর ভাগ মাঠের রোপা আমন ধানের পাক ধরেছে। জানা গেছে সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে এবারে ৪০ হেক্টর বেশি জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। কৃষকদের মনে মাঠের রোপা আমন ধানকে ঘিরে নানা পরিকল্পনা
আশা স্বপ্ন রয়েছে। কৃষকেরা হাসি মুখে আনন্দে মাঠের ধান কেটে বাড়ীর উঠোন আঙ্গিনায় এনে মাড়াই করছেন।
এদিকে নতুন রোপা আমন ধান এক হাজার ২শ টাকা থেকে এক হাজার ৪শ টাকা মন দরে কেনাবেচা হচ্ছে বলে খোজ খবর নিয়ে জানা গেছে।
উল্লাপাড়ায় এবারে বর্ষার পানি তেমন হয়নি। বলতে গেলে স্বাভাবিকের চেয়ে কম মাত্রায় বন্যার পানি হয়েছে। বর্ষাকালে বন্যার পানি তেমন না হওয়ায় বোনা আমন ধানের আবাদ কম পরিমাণ জমিতে হয়েছে বলে জানা গেছে। এদিকে এবারে সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে বেশী পরিমাণ জমিতে রোপা আমন ধানের আবাদ বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় কৃষকেরা সেচ মেশিনে জমিতে পানি সেচ দিয়ে জমি তৈরি ও ধান জমিতে পানি দিয়ে আবাদ করেছেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, উল্লাপাড়া উপজেলায় এবারের মৌসুমে ১১ হাজার ৫১০ হেক্টর পরিমাণ জমিতে রোপা আমন ধানের আবাদের সরকারি লক্ষ্যমাত্রা ছিলো। সেখানে ১১ হাজার ৫৫০ হেক্টর পরিমাণ জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ হেক্টর বেশী পরিমাণ জমিতে আবাদ হয়েছে। এবারের মৌসুমে কৃষকেরা উপজেলার রামকৃষ্ণপুর, হাটিকুমরুল, সলঙ্গা, পূর্ণিমাগাতী, সলপ, পঞ্চক্রোশী, বড়হর ইউনিয়নের বিভিন্ন মাঠে রোপা আমন ধানের আবাদ করেছেন। অনেক মাঠে কৃষকেরা আগুর করে রোপা আমন ধানের আবাদ করেন। কৃষকেরা বেশী হারে ফলন হয় এমন বিভিন্ন জাতের রোপা আমন ধানের আবাদ করেছেন। সব মাঠেই সেচ মেশিনে চালিয়ে জমিতে পানি সেচ দিয়ে আবাদ করা হয়েছে। সেচ মেশিন মালিকদের প্রায় সবাই জমির ধান ফসলের অংশ ভাগ চুক্তিতে পানি সেচ দিয়েছেন।
বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে স্বাভাবিক বর্ষা হলে তাদের জমিতে পানি উঠতো। বর্ষার পানি নেমে যাওয়া , জমি থেকে পানি শুকানোর পর সরিষা ফসলের আবাদ করা হতো। সরিষা ফসল আবাদ করা হতো বিভিন্ন মাঠের এমন বহু জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। সদর উল্লাপাড়া ইউনিয়নের ছোটো বাখুয়া, ফকিরপাড়া, কারিগরপাড়া, মাগুড়াডাঙ্গা, পূর্ণিমাগাতী ইউনিয়নের ভেটুয়াকান্দি, পুকুরপাড়, মধুপুর, বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর ও আরো বহু মাঠে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে।


