নেত্রকোণার কলমাকান্দায় বিজিবির অভিযানে মিলল ৬৫ বোতল ভারতীয় মদ!
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় পৃথক অভিযানে মালিকবিহীন ৬৫ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের মধ্যে রয়েছে ৪১ বোতল এমসি ডুয়েলস, ১২ বোতল এসি ব্ল্যাক ও ১২ বোতল আইস ভদকা—এই তিন ব্র্যান্ডের ভারতীয় মদ।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) এই তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুগড়া বিওপির সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১১৮০/২-এস হতে প্রায় তিন’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারনৈ ইউনিয়নের বনবেড়া নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল এসি ব্ল্যাক ও ১২ বোতল আইস ভদকা ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।
এর আগে, মঙ্গলবার রাত ১টার দিকে লেংগুরা বিওপির সাত সদস্যের আরেকটি টহল দল পৃথক অভিযানে সীমান্ত পিলার ১১৭০ এমসি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লেংগুরা ইউনিয়নের পশ্চিম লেংগুরা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪১ বোতল এমসি ডুয়েলস ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে।
লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত ৬৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।


