তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট!
সিলেটবাসী বর্তমানে তীব্র দাবদাহ ও রোদে নিঃশ্বাস নিতে পারছেন না। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত তাপমাত্রা (ফিলস-লাইকের) ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। শহরের ব্যস্ত রাস্তাগুলোতে মানুষ বের হওয়ায় অনেকেই বিপাকে পড়েন। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও পথচারীরা সূর্যের তীব্র প্রখর রোদ ও ফুটন্ত পিচঢালা রাস্তায় লড়াই করছেন।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানান, টানা কয়েক দিন ধরে মৃদু তাপপ্রবাহ চলছে এবং এটি সামনের কয়েক দিনও থাকতে পারে। তবে বৃষ্টি এলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সাধারণত আশ্বিন মাসে শীতের আগমন শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে গরমের মাত্রা এখনও বেশি।

