পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনযাত্রী-গ্রামবাসীর সংঘর্ষে আহত কয়েকজন!
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা প্রথমে স্টেশন মাস্টারের ওপর চড়াও হন এবং ভাঙচুর চালান। পরে স্থানীয়দের সঙ্গেও হাতাহাতি হয়।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় দুই যুবকসহ কয়েকজন ট্রেনযাত্রী আহত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত কাজ চলাকালে সোমবার রাতে শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেস থামানো হয়। এ সময় ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টারের কক্ষে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে মানুষ জড়ো করেন। পরে যাত্রীরা পিছু হটে। তবে কিছু স্থানীয় যুবক ট্রেনে উঠে কয়েকজন যাত্রীকে মারধর করেন।
স্টেশন মাস্টার তাওহিদ হোসেন জানান, রাত ৮টা ৩২ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। পরে যাত্রীদের ক্ষোভ থেকে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ১০টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি, তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।”


